মোঃ আসিফ ইসলাম সাইফ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

রোববার (২ আগস্ট) সকালে জোনের উদ্যোগে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুলাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জোনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি জানান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির মোট ২৮ হাজার ৯০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।