বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামে মো. মোতালেব শিকদারের ঘেরে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ঘেরমালিক মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোতালেব শিকদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঘের থেকে বাড়িতে ঘুমাতে যান তিনি। এরপর গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘেরে বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে ঘেরে গিয়ে তিনি পানির ওপর অসংখ্য মাছ মরে ভাসতে দেখেন। এতে ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৬ লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।