যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ছবিটি সম্পূর্ণ আসল হলেও সন্দেহ প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই মন্তব্যে জানাচ্ছেন, ছবিটি কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। ফ্যাক্টচেকিংয়েও ছবির সত্যতা প্রমাণিত হয়েছে।
জানা গেছে, আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ছবি নিজের ফেসবুকে আপলোড করেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দেখা যায়। একই সঙ্গে তিনি আরেকটি ছবিও পোস্ট করেন, যেখানে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর পাশে ট্রাম্পকে ঘরের মাঝখানে মানুষ সমান আকারের কার্ডবোর্ড কাটআউট হিসেবে দাঁড় করানো দেখা যায়। দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কনফিউশন চলছে, কেউ ভেরিফাই করতে পেরেছেন, ফ্যাক্ট চেকারদের কি অবস্থা।
অথচ রোমানিয়ার একটি গণমাধ্যম আগেই বিষয়টির ফ্যাক্টচেক করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কসোভোর প্রধানমন্ত্রীর ছবিটি মিম হিসেবে বানানো। ইন্টারনেটে রসিকতার ছলে মূল ছবি সম্পাদনা করে ট্রাম্পকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো হয়েছে। মূল ছবিতে কুর্তির পাশে সত্যিকারের ডোনাল্ড ট্রাম্পই ছিলেন বলে দাবি করেছে ওই গণমাধ্যম। এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার নিজের ফেসবুক আইডিতে সেই মুহূর্তের ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী, যেখানে ট্রাম্পের সঙ্গে তাদের হাস্যোজ্জ্বলভাবে দেখা যায়।





















