“সত্যের আলোয় এই দেশ গড়ি, ঈমানের ছোঁয়ায় জীবন আকাশে উড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মৃত্তিকা একাডেমি’-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গণমাধ্যম ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ইত্তেফাক-এর মিডিয়াকর্মী এবং তেঁতুলিয়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আশরাফুল ইসলাম-কে সম্মাননা ‘মৃত্তিকা পদক-২০২৬’ প্রদান করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সত্যবাদী মানুষ হতে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, পদক প্রদান এবং মনোজ্ঞ কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কবি রানা হোসেনের সভাপতিত্বে এবং রৌশন আরা নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

প্রধান অতিথি: সৈয়দ মার্গুব মোর্শেদ (তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা)

উদ্বোধক: মোঃ আবদুস সালাম (বীর মুক্তিযোদ্ধা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা)

প্রধান আলোচক: মেজর মোঃ ইউসুফ শরীফ (অব.)

আলোচক: অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল (ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

আলোচনা সভায় বক্তারা সুস্থ সংস্কৃতির চর্চাকে বেগবান করা এবং সমাজ গঠনে সত্যবাদী মানুষ তৈরির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে গুণীজনদের মাঝে পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।