বন্যা দুর্গতদের মাঝে ১৯৩ টন খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছে দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার রাতে ইসলামি স্কলার এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পেজে এই ঘোষণা প্রদান করেন। তিনি বেশ কিছু ছবি শেয়ার করে জানান, ইতিমধ্যে বন্যা কবলিত ৭টি উপজেলার উদ্দেশ্যে ত্রাণের বহর ছেড়ে দেওয়া হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ বিস্তারিত হিসেবে জানান, এই ত্রাণের মধ্যে রয়েছে ৮০ টন চাল, ১৬ টন ডাল, ২০ টন খেজুর, ৮ টন তেল, ৫ টন লবণ, ৪ টন চিড়া, ২ টন মুড়ি এবং ৮ টন বিশুদ্ধ পানি। পাশাপাশি গবাদি পশুর জন্য ৫০ টন খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। সব মিলিয়ে মোট ১৯৩ টন ত্রাণ দুর্গতদের মাঝে বিতরণ করা হবে।

এর আগে রোববার বিকেলে এক ঘোষণায় শায়খ আহমাদুল্লাহ জানান, বন্যায় গৃহহারা ৩০০টি পরিবারকে নতুন পাকা ঘর করে দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তিনি উল্লেখ করেন, প্রতিটি পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের আধুনিক পাকা ঘর প্রদান করা হবে।