যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাউ কুবারসিকে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।

তার এই আকস্মিক বিদায়ের ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের দল ১০ জনের হয়ে পড়ে। ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে একজন খেলোয়াড় কম থাকায় কোচ স্কালোনির দলের ওপর চাপ বহুগুণ বেড়ে গেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম প্রধান ভরসায় পরিণত হয়েছিলেন এনজো।

এখন বাকি সময় ১০ জন নিয়েই স্পেনের তীব্র আক্রমণ সামলাতে হবে লিওনেল মেসি ও তার সতীর্থদের। অন্যদিকে, বিশ্বকাপ ফাইনালের এই মহারণে গোল আদায়ে প্রথমার্ধের পর দ্বিতয়ার্ধেও একের পর এক আক্রমণ চালিয়ে গেছে স্পেন। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত কিছু সেভের কারণে গোল পায়নি স্পেন।

ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় থাকায় লড়াইটি অতিরিক্ত ৩০ মিনিটে গড়ালো।