ফয়সাল আহমেদ

নাটোরের সিংড়া উপজেলায় নিখোঁজের একদিন পর আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানের একটি পুকুরপাড় থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল কান্দিপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইজিবাইক চালক আনোয়ার প্রতিদিনের মতো গতকাল রবিবার ইজিবাইক নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হন। দিনশেষে রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পানাগাড়ি এলাকার একটি পুকুরপাড়ে আম গাছের নিচে তার হাত ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, আনোয়ারকে হত্যা করে তার ব্যবহৃত ইজিবাইক এবং দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সিংড়া থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।