কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ বুধবার (১ জুলাই) এই পদক্ষেপ নেওয়া হয়। ফেসবুকের দাবি, কপিরাইট লঙ্ঘনের একাধিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা এই অ্যাকশন নিয়েছে।

বিষয়টি সামনে আসে আজ দুপুর ২টা ২৫ মিনিটের দিকে, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। তার পোস্টের পর ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে, সার্চ দিলেও সংশ্লিষ্ট পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

শাহাদাত হোসেন তার পোস্টে অভিযোগ করেছেন যে, জুলাই অভ্যুত্থানের মূল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত এই কেন্দ্রীয় পেজটিকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তার দাবি, পলাতক আওয়ামী লীগ সমর্থক এবং বিভিন্ন বট অ্যাকাউন্টের সমন্বিত রিপোর্টিংয়ের মাধ্যমে এই প্রচেষ্টা চালানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গতকাল রাতে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ফটোকার্ডও ফেসবুক রিমুভ করেছে।

পেজটির গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, এই প্ল্যাটফর্মে অভ্যুত্থানের সূচনা থেকে শুরু করে পরবর্তী সময়ের প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনাবলি ধারাবাহিকভাবে সংরক্ষিত ছিল। বিশেষ করে গত বছরের জুলাই মাসের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের ডকুমেন্টেশন এখানে ছিল, যা ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত।

শাহাদাত হোসেনের পোস্টে সংযুক্ত একটি স্ক্রিনশটে ফেসবুকের আনুষ্ঠানিক বার্তার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘আমরা আপনার পেজটি রিমুভ করেছি। আমরা একাধিক রিপোর্ট পেয়েছি যে আপনার পেজের কনটেন্ট অন্য কোনো পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (Intellectual Property Rights) বা কপিরাইট লঙ্ঘন করেছে।’