আলমগীর কবীর হৃদয়

পাবনায় আঁচল মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে হাঁস-মুরগি পালন ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

১০ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় পাবনা সদর উপজেলার কুঠিপাড়া মহল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আঁচল মহিলা উন্নয়ন সমিতির উপদেষ্টা মো. রনি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজিরপুর মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিরা পারভীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের পরিবহন নাজির ও আঁচল মহিলা উন্নয়ন সমিতির উপদেষ্টা মো. আফজাল হোসেন। এছাড়া উপদেষ্টা মো. মুরাদ হোসেন, মো. খোরশেদ আলম খশরু ও মো. রিপন হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঁচল মহিলা উন্নয়ন সমিতির সভাপতি মোছা. রিতু খাতুন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোছা. হাসি খাতুন, সদস্য মোছা. স্বপ্না খাতুন, মোছা. নাসিমা আফজাল, মোছা. শাহানা আক্তার, শায়লা খাতুন, মোছা. শিল্পী জামান, রেবেকা পারভীনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় নারীরা।

আলোচনায় প্রধান অতিথি আলমগীর কবীর হৃদয় বলেন, চাকরির জন্য অপেক্ষা করে থাকলে নারীদের স্বাবলম্বী হওয়ার পথ বাধাগ্রস্ত হবে। নিজেদের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে হলেও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার মানসিকতা তৈরি করতে হবে। হাঁস-মুরগি পালন, সেলাই প্রশিক্ষণ নিয়ে টেইলারিং, পাটজাত পণ্য তৈরি, ঘরে তৈরি খাবার ও পিঠাপুলি প্রস্তুতসহ বিভিন্ন কাজের মাধ্যমে নারীরা আয় করতে পারেন।

সংগঠনের উপদেষ্টা রনি বিশ্বাস বলেন, নিজেদের দক্ষতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে প্রথমে পরিবার, এরপর সমাজ এবং সর্বশেষ দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানানো হয়।