বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর আমুয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ।
আমুয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনসার শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বারেক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, উপজেলা ওলামা দল নেতা মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন ওলামা দল নেতা মো. আলমগীর মোল্লা ও মাওলানা আব্দুর রহমান।
সভায় বক্তারা আগামী ৩০ সেপ্টেম্বর ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও সফলভাবে উদ্যাপন করার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





















