মো: আল-মাহফুজ শাওন 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি পিছিয়ে আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আবুল কালাম আযাদের আপিলের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। নির্ধারিত দিনে শুনানি না হওয়ায় নতুন করে ৩১ আগস্ট দিন ধার্য করা হলো।

আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রায় ১৩ বছর আগে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনাসহ গত ৬ জুলাই আপিল করেন আবুল কালাম আযাদ। আপিলে আপিল করতে ৪ হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনার আবেদন করা হয়েছে।

একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

আবুল কালাম আযাদের করা আপিলটি প্রথমে আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। পরে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ওঠে এবং শুনানি শেষে ৩১ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়।

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৩১ আগস্ট নির্ধারিত শুনানিতে বিলম্ব মার্জনার আবেদন, আপিল গ্রহণযোগ্যতা এবং ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় স্থগিতের আবেদনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো আদালতের সামনে আসতে পারে।